ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এসব গোলাবারুদের কোড পরিবর্তন করে আবার ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মার্কিন সিনেটে নিজের নিয়োগ নিশ্চিত করার শুনানিতে এ তথ্য জানান দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও।
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’তে বিপুল পরিমাণ ব্যয়বহুল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
হাং কাও বলেন, ‘অপারেশন এপিক ফিউরিতে ব্যবহৃত অনেক গোলাবারুদের কোড আমরা পরিবর্তন করেছি। সেগুলোর কোড ছিল ‘ইকো’ ও ‘ফক্সট্রট’, যার অর্থ হলো গোলাবারুদগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
মঙ্গলবার সিনেটে তার নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য গোলাবারুদ সরবরাহ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
কাও জানান, এই অভিযানে ব্যবহৃত অনেক গোলাবারুদই পুরোনো মজুত থেকে নেওয়া হয়েছিল। সেগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হয়।
তিনি আরো বলেন, কিছু গোলাবারুদে ‘কোড ইকো’ ও ‘কোড ফক্সট্রট’ চিহ্ন ছিল, যা নতুন গোলাবারুদ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়ার অংশ। এরপর তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
তিনি নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমি দরিদ্র পরিবারে বড় হয়েছি। তাই জানি, রুটির মেয়াদ ফুরিয়ে গেলেও তা ফেলে দিতে হয় না। সামান্য পানি ছিটিয়ে দিলেই আবার খাওয়ার উপযোগী হয়ে ওঠে।’
তিনি আরো বলেন, পুরোনো গোলাবারুদগুলোর কোড পরিবর্তন করে সেগুলো নতুনভাবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।
এভাবেই মেয়াদোত্তীর্ণ গোলাবারুদও কাজে লাগানো সম্ভব হচ্ছে। অনেক ক্ষেপণাস্ত্রের চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত ‘সলিড রকেট মোটর’ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে কাও এ মন্তব্য করেন।
তিনি জানান, এ উৎপাদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখছেন।
শুনানিতে কাও বেশ কয়েকজন সিনেটরের কঠিন প্রশ্নের মুখে পড়েন। এ সময় তিনি পুরোনো সমরাস্ত্রকে ‘বাসি রুটি’র সঙ্গে তুলনা করে আলোচনার জন্ম দেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্থায়ী সচিব পদে কাওয়ের মনোনয়ন পর্যালোচনা করছে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি। জন ফেলান পদত্যাগ করার পর গত এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২২ এপ্রিল তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল মার্কিন বাহিনী। পরে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস তার মনোনয়ন সিনেটে পাঠায়।
কাওয়ের এসব মন্তব্যের পর যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভান্ডারে কতটা চাপ তৈরি হয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে সিনেটের এক শুনানিতে তিনি জানিয়েছিলেন, তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
তার দাবি, ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য পর্যাপ্ত গোলাবারুদ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এসব গোলাবারুদের কোনো ঘাটতি নেই।
বিশেষজ্ঞদের মতে, এ যুক্তি খুব একটা গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের অস্ত্র বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।
উল্লেখ্য, ‘অপারেশন এপিক ফিউরি’ হলো ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান। তবে কাও তার বক্তব্যে জানাননি, ঠিক কত পরিমাণ মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, সেগুলো কী ধরনের ছিল কিংবা নতুন করে কোড নির্ধারণের পর সেগুলোর কার্যকারিতা কেমন ছিল।
ভোরের আকাশ/ইউএম