তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সাইবার নিরাপত্তা অধিদপ্তর কর্তৃক প্রণীত নতুন এই নিয়মটি শনিবার (১০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।
নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।
আইনে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে—এমন কোনো সেবা তাদের জন্য চালু রাখা যাবে না।
শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশও এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই পথে হাঁটার উদ্যোগ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্সও।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে শিশু-কিশোরদের মধ্যে পর্দার প্রতি আসক্তি, ঘুমের সমস্যা, অনলাইন হয়রানি ও খাদ্যাভ্যাসজনিত ব্যাধির ঝুঁকি বাড়তে পারে। এসব ডিজিটাল ঝুঁকি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা দেওয়াই এ ধরনের বিধিনিষেধের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/আ.র