ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। শনিবার দুপুর থেকে ব্ল্যাকআউট শুরু হওয়ার পর দ্রুত এর পরিধি বৃদ্ধি পেয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইরানে ইন্টারনেট ব্যবহার সীমিত করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা গেছে, দেশের অধিকাংশ অঞ্চলে ইন্টারনেট সম্পূর্ণভাবে শাটডাউন রয়েছে।
নেটব্লকস আরো জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেরকম ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ঠিক একই রকম ভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলেই মনে হচ্ছে।
এদিকে জর্ডানের রাজধানী আম্মানে একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। অপরদিকে ইরানও আনুষ্ঠানিকভাবে জর্ডানে হামলার তথ্য জানায়নি।
এর আগে ইসরায়েলে পাল্টার হামলার পর সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন শহরেও হামলা চলছে।
ভোরের আকাশ/এনএস