ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতার নিন্দা সুইজারল্যান্ডের

অধিকৃত পশ্চিম তীরের জালুদ গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছে সুইজারল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বসতিস্থাপনকারীদের সহিংসতার মাত্রা ‘নজিরবিহীন’ পর্যায়ে পৌঁছেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার প্রায় ১০০ ইসরায়েলি বসতিস্থাপনকারী জালুদ গ্রামে হামলা চালায়। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও চলাচলের ওপর বিধিনিষেধও বাড়ছে বলে উল্লেখ করেছে তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে হবে এবং হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
মন্ত্রণালয় আরও বলেছে, পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের সহিংসতার এমন মাত্রা গ্রহণযোগ্য নয় এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম