সিরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৩০

সিরিয়ার মধ্য-পূর্বাঞ্চলের মরুভূমি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দামেস্ক-দেইর এজোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে একটি বেসামরিক যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সামরিক হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের মধ্যে কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি বাসে আগুন জ্বলতে এবং মহাসড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রায়েদ আল সালেহ বলেন, নিহতের সংখ্যার বিবেচনায় এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে দেশের দীর্ঘদিনের সড়ক অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
রায়েদ আল সালেহ আরও বলেন, বছরের পর বছর অবহেলা এবং দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সড়ক পরিবহন বিভাগের পরিচালক মোয়াজ নাজ্জার জানান, পূর্বাঞ্চলের সড়কগুলোর রক্ষণাবেক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্য, গত ১৫ বছরে দেশের অধিকাংশ সড়কের প্রয়োজনীয় সংস্কার হয়নি।
চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলের দারা প্রদেশে সৌদি আরব থেকে ফেরা তীর্থযাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। এছাড়া গত বছর উত্তর-পূর্ব সিরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে প্রাণ হারান ১২ জন। এর আগে ২০২০ সালে দামেস্ক-হোমস মহাসড়কে জ্বালানিবাহী একটি ট্যাংকারের ধাক্কায় দুটি বাসের ৩২ আরোহী নিহত হয়।
ভোরের আকাশ/সু.পা