সীমান্তে কাঁটাতার নির্মাণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু সরকার

বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সোমবারের মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার মোট ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা।
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা দুর্বল রাখার অভিযোগও তুলেছিল দলটি।
বিজেপির অভিযোগ অনুযায়ী, সীমান্ত দুর্বলতার কারণে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে এবং রাজনৈতিক সুবিধার জন্য তৃণমূল কংগ্রেস তাদের বসবাসের সুযোগ করে দিয়েছে।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। রাজ্যের জনসংখ্যাগত কাঠামো পরিবর্তিত হয়েছে।”
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই জমি হস্তান্তর সম্পন্ন করা হবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।
গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়ে সরকার গঠন করে দলটি।
নির্বাচনে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনেও তাকে পরাজিত করেন।
ভোরের আকাশ/সু.পা