গাজা সিটিতে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার মূল নগর গাজা সিটিতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। আবাসিক ভবন থেকে শুরু করে সরকারি স্থাপনা—কোনো কিছুই এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। স্থানীয়রা বলছেন, মানুষকে শহর ছেড়ে যেতে বাধ্য করতেই এমন তাণ্ডব চালানো হচ্ছে।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানাচ্ছেন, “জনবহুল এলাকাগুলোকে জনশূন্য করার জন্য এ হামলা চালানো হচ্ছে। পূর্বাঞ্চলের তুফফাহ ও সুজায়ার পর এখন একই চিত্র দেখা যাচ্ছে জেইতুনে।”
হানি মাহমুদের বর্ণনায়, ইসরায়েল পুরো শহর ধ্বংস করার কৌশল নিয়েছে। আবাসিক এলাকা, সরকারি স্থাপনা, অবকাঠামো—সবকিছু বোমা মেরে ধসে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই: মানুষ যেন জোরপূর্বক শহর ছেড়ে যায় এবং ভবিষ্যতে আর ফিরে আসতে না পারে।
তিনি জানিয়েছেন, সর্বশেষ জাবালিয়া এলাকায়ও হামলা চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী।
দখলদার ইসরায়েল এরইমধ্যে গাজা সিটি পুরোপুরি দখলের হুমকি দিয়েছে। তবে অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছে। এখন পর্যন্ত ইসরায়েল সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভোরের আকাশ/হ.র