ব্রাজিলে কিন্ডারগার্টেনে ১৩ শিশুকে জিম্মি, নিহত হামলাকারী

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় কুরিতিবা শহরের একটি কিন্ডারগার্টেনে ১৩ শিশুকে জিম্মি করার ঘটনার পর পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে হামলাকারী নিহত হয়েছে এবং সব শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) কুরিতিবার 'সাও ব্রাজ' এলাকার একটি পৌর ডে-কেয়ার সেন্টারে এই ভয়াবহ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি কিন্ডারগার্টেনের ফটক টপকে ভেতরে ঢুকে একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সেখানে ১৩ শিশুকে জিম্মি করার পর কক্ষে দাহ্য তরল ছড়িয়ে দেন এবং হাতে একটি লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন। তার কাছে একটি ছুরিও ছিল। প্রথমে তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধারণা করা হলেও পরে সেটি নকল বলে জানা যায়।
পারানা রাজ্যের পুলিশের মুখপাত্র লেটিসিয়া মার্টিনস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আলোচনার চেষ্টা করছিল। তবে শিশুদের ওপর হামলা শুরু হলে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশের বিশেষ বাহিনীর কমান্ডার আলেক্সান্দ্রে লোপেস দিয়াস জানান, আলোচনার সময় হামলাকারী শিশুদের সঙ্গে একই কক্ষে ছিলেন। একটি শিশুকে তিনি কোলে নিয়েও রেখেছিলেন। আলোচনা চলাকালে শিশুরা আতঙ্কিত হয়ে পড়লে তিনি তাদের মারধর শুরু করেন।
লোপেস দিয়াস বলেন, শিশুদের ওপর শারীরিক হামলা বাড়তে থাকায় বড় ধরনের বিপর্যয় এড়াতে পুলিশ কৌশলগত অভিযান চালায়। অভিযানের সময় কর্মকর্তারা সতর্কতার সঙ্গে শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিশুদের নিরাপদে বের করে আনেন।
কুরিতিবার মেয়র এদুয়ার্দো পিমেন্তেল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানান, ১৩ শিশুই জীবিত ও নিরাপদ রয়েছে। ঘটনার পর শিশু ও বিদ্যালয়ের কর্মীদের মানসিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
কুরিতিবা শহরের সাও ব্রাজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১৮ লাখ মানুষের শহরটি ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে তিনি শিশুদের জিম্মি করেছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের এপ্রিলে দেশটির দক্ষিণাঞ্চলীয় ব্লুমেনাউ শহরের একটি শিশু পরিচর্যাকেন্দ্রে কুঠার নিয়ে হামলা চালিয়ে চার শিশুকে হত্যা করেছিলেন এক ব্যক্তি।
ভোরের আকাশ/আ.র