কুয়েতে ৬ আরব দেশের যৌথ সামরিক সদর দপ্তর স্থাপন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলার নিশানায় পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোও। এর মধ্যে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠা ও অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ছয় আরব দেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনে সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবের কার্যালয়।
বিবৃতিতে বলা হয়, কুয়েতে ছয় দেশের যৌথ সামরিক কমান্ডের একটি আধুনিক সদর দপ্তর স্থাপন করা হবে। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী সেখানে সদস্যদেশগুলোর সেনাসদস্য মোতায়েন করা হবে।
তবে, নতুন সদর দপ্তরের কার্যক্রম কবে শুরু হবে, কতজন সেনা মোতায়েন করা হবে কিংবা সেখানে কোন ধরনের সামরিক বাহিনী থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জিসিসির সদস্যদেশ ছয়টি হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে এক সম্মেলনে ছয় দেশের যৌথ সামরিক কমান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই কমান্ড গঠনের উদ্দেশ্য ছিল সদস্যদেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো এবং প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা। একই সঙ্গে দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।
এদিকে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই এসব দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
এই সংঘাতের প্রভাব পড়েছে আকাশ ও সমুদ্রপথের যোগাযোগেও। আকাশপথে যাত্রী চলাচল এবং সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। একই সঙ্গে, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনেও নতুন করে সংঘাত বেড়েছে। দেশটিতে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি সমর্থিত সরকারের বাহিনীর লড়াই তীব্র হয়েছে। ২০২২ সাল থেকে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি অনেকাংশে কার্যকর ছিল। তবে, গত জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে আবারও সংঘাত বাড়তে শুরু করে।
ভোরের আকাশ/এম