ফিলিস্তিনি কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়া অগ্রহণযোগ্য: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত রাখাকে “অগ্রহণযোগ্য” হিসেবে সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লিখেছেন, “যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দিচ্ছে না, এবং এটি গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বাতিল করবে।”
উল্লেখ্য, ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো আল আকসা অঞ্চলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধানকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এগিয়ে নেওয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনে যৌথ সভাপতিত্ব করবেন।
ম্যাক্রোঁ বলেন, “আমাদের উদ্দেশ্য স্পষ্ট। দ্বিরাষ্ট্র সমাধান ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। এই নীতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতেই সম্মেলন আয়োজন করা হচ্ছে।”
তবে সম্প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার যুক্তরাষ্ট্রে ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, যা সম্মেলনের প্রস্তুতিকে জটিল করেছে।
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ম্যাক্রোঁ আরও বলেন, “গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং পশ্চিম তীরে দখলকৃত এলাকা সম্প্রসারণ কোনোভাবেই স্থায়ী শান্তির জন্য সহায়ক নয়। আমাদের লক্ষ্য হলো স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠা।”
ভোরের আকাশ//হ.র