চীনের এআই ইতিহাস বিকৃত করছে, পশ্চিমা গণতন্ত্রের জন্য হুমকি: ব্রিটিশ উপদেষ্টা

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রিটেনের সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় হুমকিবিষয়ক বিদায়ী স্বাধীন পর্যালোচক জোনাথন হল। তার মতে, চীনের এআই মডেলগুলোর সেন্সরশিপ ও প্রচারণা পশ্চিমা গণতন্ত্র, সত্য এবং বাক্স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে।
জোনাথন হল চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবার তৈরি এআই মডেল কিউয়েন থ্রি (Qwen3) পরীক্ষা করে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেখতে পান, ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ঘটনা অস্বীকার করছে মডেলটি।
সাত বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষ দিকে পদ ছাড়ছেন জোনাথন হল। দায়িত্ব ছাড়ার আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে তিনি চীনের এআই প্রযুক্তির বিপজ্জনক দিক তুলে ধরেন।
হল জানান, কিউয়েন থ্রিকে ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল, তা জানতে চাইলে এআইটি উত্তর দেয়, সেখানে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। অথচ উত্তর তৈরির সময় এআই মডেলটির চিন্তাপ্রক্রিয়ায় দেখা যায়, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ওই বছরের জুনে সেখানে সেনা মোতায়েন করেছিল। কিন্তু চূড়ান্ত উত্তরে সেনা মোতায়েনের বিষয়টি বাদ দেওয়া হয়।
এ বিষয়ে আরো প্রশ্ন করলে এআই মডেলটি জানায়, আমি এখন আমার বক্তব্য প্রত্যাহার করছি। পরে কয়েক দিন পর একই বিষয়ে প্রশ্ন করা হলে কিউয়েন থ্রি আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তিয়েনআনমেনের ঘটনা এড়িয়ে বেইজিংয়ের গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো অন্য প্রসঙ্গ সামনে আনে।
জোনাথন হলের ভাষায়, ইতিহাসের নথি থেকে সংবেদনশীল ঘটনা মুছে ফেলার ক্ষেত্রে এআইয়ের এমন সক্ষমতা উদ্বেগজনক। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার লক্ষ্য যদি হয় অবাধ অনুসন্ধান, প্রমাণ ও বিতর্কের মাধ্যমে পশ্চিমা গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া, তাহলে কিউয়েনের স্ব-আরোপিত সেন্সরশিপ, ইতিহাস বিকৃত করা এবং চীনা প্রচারণা ছড়িয়ে দেওয়ার প্রবণতা প্রকৃত হুমকি। চীনের এআই মডেলগুলোর সেন্সরশিপ নিয়ে গবেষকদের মধ্যেও উদ্বেগ রয়েছে।
গবেষণায় দেখা গেছে, অন্যান্য দেশের এআই মডেলের তুলনায় চীনের মডেলগুলো বেইজিংয়ের কাছে সংবেদনশীল বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি বিধিনিষেধ আরোপ করে। এসব বিষয়ের মধ্যে রয়েছে তাইওয়ান, মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের ভিন্নমতাবলম্বীরা। এমনকি জনপ্রিয় কাল্পনিক চরিত্র উইনি দ্য পুহের অস্তিত্ব নিয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে কিউয়েন। কারণ, চীনের ভিন্নমতাবলম্বীরা এই ভালুকের চেহারার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চেহারার তুলনা করে থাকেন।
কিউয়েন থ্রি তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৫০ বিলিয়ন পাউন্ড। গত আগস্টে চালু হওয়া মডেলটির সর্বশেষ সংস্করণ বিনা মূল্যে ডাউনলোড করা যায়। ইন্টারনেট-সংযোগ ছাড়াও কম্পিউটারে এটি ব্যবহার করা সম্ভব।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোনাথন হল বলেন, চীনের এআই মডেলগুলো দরিদ্র দেশ এবং চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এতে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ইতিহাসের চীনা ভাষ্যই প্রধান হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, চীনের এআই মডেলের তিয়েনআনমেনের ঘটনা অস্বীকার করা পুরোপুরি পাগলামি। পশ্চিমাদের চীনের বিষয়ে খুব সতর্ক হওয়া প্রয়োজন। বুঝতে হবে, চীন তাদের বন্ধু নয়।
হলের মতে, চীনের এআই প্রযুক্তির মাধ্যমে দেশটি বিশ্বজুড়ে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি বলেন, এটি ধীরে ধীরে স্বাধীনতার কণ্ঠরোধের প্রক্রিয়া। যুক্তরাজ্যের জন্য হুমকিটি হয়তো তাৎক্ষণিক নয়, কিন্তু এটি দীর্ঘমেয়াদি। চীন ইতিহাস ও তথ্য-প্রমাণ নিয়ন্ত্রণ করতে চায়।
এদিকে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় অপরাধসংক্রান্ত নথি বিশ্লেষণে কিউয়েন থ্রি ব্যবহার করছে বলে সম্প্রতি জানিয়েছে দ্য টেলিগ্রাফ। হোয়াইটহলে চীনের তৈরি এআই ব্যবহারের এটিই প্রথম জানা ঘটনা। বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে আলিবাবার একজন মুখপাত্র বলেছেন, তারা অভ্যন্তরীণভাবে বিষয়টি যাচাই করে দেখবেন। জানানোর মতো কিছু থাকলে পরে জানানো হবে।
ভোরের আকাশ/এম