২০২৮ সাল থেকে যে দেশে পেট্রোল-চালিত মোটরসাইকেল চলবে না

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২০২৮ সালের ১ এপ্রিল থেকে শহরটিতে নতুন কোনো পেট্রোলচালিত মোটরসাইকেল বা স্কুটারের নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা যাবে না। ওই সময় থেকে নতুন নিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র বৈদ্যুতিক (ইভি) দুই চাকার যান অনুমোদন দেওয়া হবে।
তবে বর্তমানে সড়কে চলাচলরত পেট্রোলচালিত মোটরসাইকেল নিষিদ্ধ করা হচ্ছে না। সিদ্ধান্তটি কেবল নতুন যানবাহনের নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য।
দিল্লি সরকারের ইভি (ইলেকট্রিক ভেহিকল) নীতির আওতায় নেওয়া এ সিদ্ধান্তের মূল লক্ষ্য বায়ুদূষণ কমানো এবং বৈদ্যুতিক যানবাহারের ব্যবহার বাড়ানো। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লির মোট নিবন্ধিত যানবাহনের প্রায় ৭০ শতাংশই দুই চাকার যান। ফলে এ খাতকে বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তর করা গেলে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার।
সরকারের মতে, বৈদ্যুতিক স্কুটার ও মোটরসাইকেল পরিচালনার খরচও তুলনামূলক কম। পাশাপাশি টিভিএস, অ্যাথার, হিরো ভিডা ও বাজাজসহ বিভিন্ন নির্মাতা ইতোমধ্যে উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক দুই চাকার যান বাজারে এনেছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নে চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াপিং অবকাঠামো সম্প্রসারণ, পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য বৈদ্যুতিক মোটরসাইকেলকে আরও সাশ্রয়ী করার মতো চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয় সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ভোরের আকাশ/এনএ