সৌদির ৪ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই হামলা সফলভাবে প্রতিহত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরানে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের মধ্যেই এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, দক্ষিণ-পশ্চিম সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
এছাড়া নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে থাকা সামরিক পরিবহন উড়োজাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি।
হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত হিসেবে অভিযুক্ত গোষ্ঠীটি। অক্টোবর মাসে অসামরিক বিমানবন্দর, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বৃদ্ধি পায়। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেন সরকারের পক্ষে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে দেশটির রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।
ভোরের আকাশ/আ.র