ইসরায়েলকে ‘কঠোর শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি আরাঘচির

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করে রেখেছে ইসরায়েল—এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি ইসরায়েলি নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে থাকা তার ‘পোষা প্রাণীদের’ মুখ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তারা যদি সেই নির্দেশ না মানে, তাহলে ইরান কঠোর জবাব দেবে।
আরাঘচি লিখেছেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারকের ধারাগুলো স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। এতে কী কী শর্ত রয়েছে, তা সবার জন্য উন্মুক্ত। প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবে (ইসরায়েল) থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা যদি তাদের মনিবের কথা না শোনে, তাহলে ইরান তাদের শিক্ষা দেবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের হুমকি বা পদক্ষেপ নিলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে রয়েছেন। তার এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরে দুই সপ্তাহ আগে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ৬০ দিনের একটি সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। ওই সমঝোতায় যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্রদের পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/সু.পা