৫৯ বছর বয়সেও প্রতিপক্ষের জাল কাঁপালেন কাজুইয়োশি মিউরা

বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটিই আবারও প্রমাণ করলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা। প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার এই ফুটবলার। ভালোবেসে তাকে ডাকা হয় ‘কিং কাজু’। শনিবার (২৬ জুলাই) জে-লিগের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে এম্পেরর্স কাপে আইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে দলের হয়ে একটি গোল করেন ৫৯ বছর বয়সী মিউরা।
ম্যাচের ৫২তম মিনিটে গোল করার পর সতীর্থদের অভিনন্দনে সিক্ত হন তিনি। তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। ২০২২ সালের নভেম্বরে সুজুকা পয়েন্ট গেটার্সের (সুজুকা পিজি) হয়ে জাপান ফুটবল লিগে এফসি ওসাকার বিপক্ষে গোল করার পর এটিই মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল। যদিও সেই ম্যাচে তার দল পরাজিত হয়েছিল।
'কিং কাজু' নামে পরিচিত এই জাপানি তারকা বর্তমানে পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলছেন। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন মিউরা। এর আগে তিনি জানিয়েছিলেন, ৬০ বছর বয়স হওয়ার আগে ফুটবলকে বিদায় বলার কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ গোল করে সেই লক্ষ্যেই যে এগিয়ে চলেছেন, সেটিই আরও একবার প্রমাণ করলেন তিনি।
জাপানের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলারের দীর্ঘ ক্যারিয়ার বহু আগেই অনন্য উচ্চতায় পৌঁছেছে। তবে বয়সের ভারকে উপেক্ষা করে এখনো প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করে চলা তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে।
ভোরের আকাশ/সু.পা