মক্কা-জেদ্দায় হামলার সতর্কতা জারি, পরে প্রত্যাহার

সৌদি আরবের পবিত্র মক্কা ও জেদ্দাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হঠাৎ করে জরুরি "সম্ভাব্য বিপদ" সতর্কতা জারি করার কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স অথরিটির ‘জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে এই সতর্কতা সংকেতটি জারি করা হয়েছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং তাদের সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একইসঙ্গে, সৌদি আরবের বিভিন্ন অংশ হুথিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র দাবি করেছেন, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তাদের বাহিনী। যার ফলে সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহরে হামলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেন, হুথি গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ডের ‘কঠোর ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে।
তুর্কি আল-মালিকি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা ও বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করার হুথি গোষ্ঠীর প্রচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে এবং রাজ্যকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র