ভারতে প্রথমবার সামরিক মহড়ায় ৬ মার্কিন এফ-৩৫ ও ২০০ সেনা

ভারতে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি-২০২৬’-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজস্থানের যোধপুরে পৌঁছেছে মার্কিন বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২০০-র বেশি মার্কিন বিমানসেনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।
সার্জিও গোর এক্সে দেওয়া পোস্টে বলেন, তরঙ্গ শক্তি মহড়ায় অংশ নিতে ২০০-র বেশি মার্কিন বিমানসেনা যোধপুরে পৌঁছেছেন। তাদের সঙ্গে এসেছে মার্কিন বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫-এর এটি প্রথম অংশগ্রহণ বলেও তিনি উল্লেখ করেন।
ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। ২০২৬ সালের আয়োজনটি এর দ্বিতীয় সংস্করণ। এবারের মহড়া রাজস্থানের যোধপুরে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের বিমান ও সামরিক সদস্য অংশ নিচ্ছেন। আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে যুক্ত রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীও একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর বিমান বাহিনীর মধ্যে যৌথ আকাশ অভিযান, কৌশলগত প্রশিক্ষণ ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হবে।
মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫ লাইটনিং-২ একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। উন্নত সেন্সর, তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য আদান-প্রদানের সক্ষমতার কারণে বিমানটি আধুনিক যুদ্ধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের মহড়ায় এফ-৩৫-এর পাশাপাশি ফ্রান্সের রাফাল, ভারতের তেজস ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান অংশ নিচ্ছে। সূত্র : এএনআই/ জি নিউজ
ভোরের আকাশ/সু.পা