সব নৌযানের জন্য সমুদ্রপথ খুলে দিল কাতার

কাতারের সমুদ্রপথে সব ধরনের জাহাজ ও নৌযানের চলাচল আবারও পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ঘোষণায় মন্ত্রণালয় জানায়, আজ থেকে সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য নৌযানের জন্য সামুদ্রিক কার্যক্রম সম্পূর্ণভাবে পুনরায় চালু করা হয়েছে।
একই সঙ্গে জাহাজ ও নৌযান পরিচালনাকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামুদ্রিক আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালিতে নৌযান লক্ষ্য করে হামলাসহ কয়েকটি নিরাপত্তাজনিত ঘটনার কারণে সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
সর্বশেষ ঘোষণায় কাতার জানিয়েছে, বর্তমানে দেশটির জলসীমায় সমুদ্রপথে জাহাজ ও নৌযানের চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে যেকোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা