যুক্তরাষ্ট্রকে সমঝোতার শর্ত মানার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তে ফিরতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এজন্য ওয়াশিংটনকেও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। প্রায় এক মাস পর সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সরাসরি পাল্টাপাল্টি হামলার পরদিন তার এই বক্তব্য এলো।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরলে ইরানও তাৎক্ষণিকভাবে একইভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
জুনের মাঝামাঝি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ওই সমঝোতায় পৌঁছায়। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি বাড়িয়ে ৬০ দিনের আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানের পথ তৈরি করা।
সমঝোতা অনুযায়ী, ইরানের স্ট্রেইট অব হরমুজ থেকে মাইন সরিয়ে ওই সময় জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা ছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল, তেল রপ্তানির অনুমতি এবং দেশটির পুনর্গঠনে সহায়তার উদ্যোগ নেওয়ার কথা ছিল।
তবে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের হামলা-পাল্টা হামলা শুরু হয়। পরে গত মাসে সমঝোতার মেয়াদও শেষ হয়ে যায়।
পেজেশকিয়ান অভিযোগ করেন, সমঝোতা স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দুই সপ্তাহেরও কম সময় কার্যকর ছিল। এরপর ওয়াশিংটন অতিরিক্ত দাবি তোলা এবং নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার পথ বেছে নেয় বলে দাবি করেন তিনি। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম