প্রয়োজনে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে দ্রুত এলাকা ত্যাগের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে পৃথক সতর্কবার্তা প্রকাশ করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে মার্কিন নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, ভ্রমণ বিঘ্ন এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
এর আগে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটি সহ্য করতে পারছি না।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং ভুল তথ্য দিচ্ছে।
ভ্রমণে সতর্কতার নির্দেশনা
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্সের যৌথ পরামর্শে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত জটিলতার বিষয়ে সতর্ক থাকতে হবে।
এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা এখনো স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করেনি। কিছু এয়ারলাইন্স আবার পুরোপুরি নির্দিষ্ট রুটের ফ্লাইট বাতিল করেছে। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনা করতে বা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিভিন্ন দেশে পৃথক সতর্কবার্তা
মার্কিন দূতাবাসগুলো নিজ নিজ অবস্থান থেকে অতিরিক্ত সতর্কতাও জারি করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হওয়া সামরিক স্থাপনাগুলোর আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং ইরানের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাই অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/সু.পা