লেবাননে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা স্থাপনাটি দক্ষিণ লেবাননের মাজদাল জৌন এলাকায় অবস্থিত প্রায় ৬৫৬ ফুট দীর্ঘ একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ সুড়ঙ্গটি অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহার করত। অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও রকেট লঞ্চার জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে গত ২৭ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও লেবানন। চুক্তি অনুযায়ী, ইসরায়েল-লেবানন সীমান্তের লেবাননের অংশ থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে এবং সেখানে লেবানিজ সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে চুক্তিতে আরও উল্লেখ ছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত সীমান্তের কিছু এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকতে পারে।
এদিকে, রোববার গভীর রাতে পরিচালিত এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। আজ সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে, মাজদাল জৌন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির ‘প্রকাশ্য লঙ্ঘন’।
হিজবুল্লাহর বর্তমান মহাসচিব নাইম কাসেম সীমান্ত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে বলেন, “লেবানন ও দেশটির জনগণকে রক্ষা করার অধিকার হিজবুল্লাহর রয়েছে। আমরা পিছু হটব না।” সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা