হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি সৌদি-কুয়েতের

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বড় ধরনের সমর্থন দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিলেও এবার সেই অবস্থান থেকে সরে এসেছে দেশ দুটি। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, এই সিদ্ধান্ত তার জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে পরিচিত সামরিক কার্যক্রম আবারও শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌ ও বিমানবাহিনীর সহায়তায় নিরাপত্তা দেওয়া হবে।
চলতি সপ্তাহের শুরুতে প্রায় ৩৬ ঘণ্টা কার্যক্রম চালানোর পর অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নতুন করে এর সময়সূচি নির্ধারণ করছে। কিছু মার্কিন কর্মকর্তার ধারণা, চলতি সপ্তাহেই অভিযান পুনরায় শুরু হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা সৃষ্টি করে।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি আলোচনা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রয়েছে। মঙ্গলবার ট্রাম্প জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালু থাকবে। সূত্র: মিডল ইস্ট মনিটর
ভোরের আকাশ/সু.পা