ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ

ইউক্রেনের সামরিক সহায়তায় আটকে থাকা ৬.৬ বিলিয়ন ইউরো (প্রায় ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার) তহবিল ছাড়ের শর্তাবলীতে অবশেষে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই ঐতিহাসিক চুক্তির কথা নিশ্চিত করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- অর্থের একটি অংশ ইউক্রেনের জন্য ইইউর সামরিক সহায়তা মিশনে এবং যৌথভাবে সামরিক সরঞ্জাম কেনার কাজে ব্যয় হবে। বাকি অর্থ সামরিক সহায়তা দেওয়া ইইউ সদস্য দেশগুলোকে ফেরত দেওয়া হবে।
ইউরোপীয় শান্তি সুবিধা বা ‘ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি’ থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। ইউক্রেনসহ ইইউর বাইরের দেশগুলোকে সামরিক সহায়তা দিতে এই তহবিল ব্যবহার করা হয়। একই সঙ্গে সদস্য দেশগুলো নিজেদের অর্থে দেওয়া সামরিক সহায়তার একটি অংশ এই তহবিলের মাধ্যমে ফেরত পেতে পারে।
কাজা কালাস জানান, ছাড় করা ৬.৬ বিলিয়ন ইউরোর মধ্যে ৯০০ মিলিয়ন ইউরো যাবে ইউক্রেনের জন্য ইইউর সামরিক সহায়তা মিশনে। আরও ১ বিলিয়ন ইউরো ব্যয় করা হবে সামরিক সরঞ্জাম যৌথভাবে কেনার কাজে।
অবশিষ্ট ৪.৭ বিলিয়ন ইউরো ইইউর সদস্য দেশগুলোকে সামরিক সহায়তার অর্থ ফেরত দিতে ব্যবহার করা হবে। এর মধ্যে কয়েকটি দেশ ইতোমধ্যে জানিয়েছে, তারা পাওয়া অর্থের নিজেদের অংশ আবার ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়ার কথা বিবেচনা করছে।
কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য ইতিবাচক এবং রাশিয়ার জন্য নেতিবাচক। তাঁর ভাষ্য, রাশিয়ার বিভিন্ন ধরনের চাপ ও হামলার লক্ষ্য ইউরোপকে ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে বাধ্য করা হলেও ইউরোপ উল্টো তার সমর্থন বাড়াচ্ছে।
তবে এই ৬.৬ বিলিয়ন ইউরোর পুরো অর্থ সরাসরি ইউক্রেনের হাতে যাবে না। সদস্য দেশগুলোকে দেওয়া ৪.৭ বিলিয়ন ইউরোর ফেরত অর্থের কতটা তারা নতুন করে ইউক্রেনের সামরিক সহায়তায় ব্যয় করবে, সেটি সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
রয়টার্স জানিয়েছে, এই অর্থ কয়েক মাস ধরে ইউরোপীয় শান্তি সুবিধায় আটকে ছিল। এর আগে রাশিয়াপন্থী হিসেবে পরিচিত হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের আপত্তির কারণে তহবিল ছাড়ের বিষয়টি বাধাগ্রস্ত হয়। পরে সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে শুক্রবার অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়।
ইউক্রেনের জন্য ইইউর সামরিক সহায়তার ক্ষেত্রে এটি সাম্প্রতিক সময়ের আরও একটি গুরুত্বপূর্ণ অর্থায়ন। ইইউর হিসাব অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইইউ ও এর সদস্য দেশগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সহায়তা হিসেবে প্রায় ৯৩ বিলিয়ন ইউরো দিয়েছে।
এদিকে, সেপ্টেম্বরের শুরুতেই ইউরোপীয় কমিশন ইউক্রেনের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, গোলাবারুদ, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার জন্য আরও ৬.১ বিলিয়ন ইউরো অনুমোদন করেছিল।
ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি দেশটির বাজেট ও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতেও ইইউ বড় অঙ্কের অর্থায়ন করছে। ২০২৬ ও ২০২৭ সালের জন্য ইইউর ৯০ বিলিয়ন ইউরোর ঋণ সহায়তা পরিকল্পনায় প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্পের জন্য ৬০ বিলিয়ন এবং বাজেট সহায়তার জন্য ৩০ বিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র