ট্রাম্প-মেলোনি সম্পর্ক নিয়ে নতুন বার্তা ইতালির প্রধানমন্ত্রীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দিলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জর্জিয়া মেলোনি বলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরিতে যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
একসময় ইউরোপে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের একজন হিসেবে বিবেচিত হতেন মেলোনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
মেলোনি বলেন, ‘না, আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’
গত এপ্রিল মাসে ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেন। এর আগে পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং ইরান যুদ্ধ ইস্যুতে তার অবস্থানের সমালোচনা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী।
এ ছাড়া মার্চ মাসে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানের জন্য সিসিলির সিগোনেলা নৌ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি।
গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত একমাত্র ইউরোপীয় সরকারপ্রধান ছিলেন মেলোনি। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির দিকে তাকিয়ে থাকা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নিষেধাজ্ঞামূলক আদেশ দরকার।’ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ইতালির প্রধানমন্ত্রী।
ভোরের আকাশ/এনএ