পাল্টা আঘাত তেহরানের
ইরানে নতুন মার্কিন হামলায় নিহত ১৪

নতুন করে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাল্টা জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে তেহরান।
বুধবার থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে।
তেহরানের দাবি, কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব অভিযানে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।
তবে ইরানের এসব সামরিক দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ