কলকাতায় নির্মাণাধীন গুদামের ছাদ ভেঙে ৩ জনের মৃত্যু

কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ভেঙে পড়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আরও বহু কর্মী চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৪ জুন) বেলা ১২টা নাগাদ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই গুদামের শেড। ধ্বংসস্তূপে চাপা পড়েন সেখানে কর্মরত আনুমানিক ৪০ জন কর্মী। দুর্ঘটনার পর সেখান থেকে ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও মনে করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলাকারী দল এবং দমকলকর্মীরা। নামানো হয়েছে সেনাবাহিনীও। লোহার স্তূপ সরিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা করা চলছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার কথা জানতে পেরে সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। কিন্তু কংক্রিটের পুরু স্তর সরিয়ে উদ্ধারের কাজ চালাতে বেগ পেতে হয় তাদের।
স্থানীয়রা জানিয়েছেন, ভেতরে আটকে থাকা ব্যক্তিদের আর্তনাদ শোনা যাচ্ছিল। সূত্র: বিবিসি বাংলা
ভোরের আকাশ/ইউএম