স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের সশস্ত্র লড়াই চালিয়ে যাবে বলে শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে, ততদিন আমাদের প্রতিরোধ ও সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে বিবেচিত হবে।” তারা আরও জানিয়েছেন, ফিলিস্তিনিদের জাতীয় অধিকার প্রতিষ্ঠা এবং পূর্ণ সার্বভৌমত্বসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যার রাজধানী হবে জেরুজালেম, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সশস্ত্র লড়াই বন্ধ থাকবে না।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের প্রস্তুতি দেখিয়েছে। তবে এই দাবির পর হামাস স্পষ্ট করে দিয়েছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং কেউ অস্ত্র সমর্পণ করবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গাজার হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা হলেও তা সফল হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি হয়নি, অপরদিকে হামাস ইসরায়েলের কঠোর শর্ত আরোপের দায় চাপিয়েছে। হামাস বলেছে, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।
সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ//হ.র