নিউইয়র্ক পৌঁছেছে আটক মাদুরোকে বহনকারী বিমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট বিমানঘাঁটিতে একটি বিমান অবতরণ করেছে।
ধারণা করা হচ্ছে, উড়োজাহাজটিতে সদ্য বন্দি হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো উপস্থিত রয়েছেন।
উড়োজাহাজটির দরজার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা তথ্যটি জানিয়েছে।
এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্কে পৌঁছেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে শনিবার রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে এবং তাদের যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
প্রেসিডেন্ট মাদুরোকে নিউইয়র্কের ম্যানহাটনে ডিইএ সদরদপ্তরে নেয়া ও আনুষ্ঠানিকভাবে আটক করার সময় এখন তার যাত্রাপথের মানচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে কীভাবে তাকে আনা হয়েছে। বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে কারাকাস থেকে একটি মার্কিন হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর ক্যারিবিয়ান সাগরের অজ্ঞাত কোনও স্থানে থাকা যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে তোলা হয়।
পরে তাকে কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত যুক্তরাষ্ট্র নৌঘাঁটিতে নেয়া হয় এবং সেখানে আরেকটি বিমানে তুলে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট এয়ার ফোর্স বেসে আনা হয়। সেখান থেকে আবার হেলিকপ্টারে করে মাদুরোকে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসা হয়।
মোট হিসাব করলে, আটক হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে অবতরণ করা পর্যন্ত মাদুরো প্রায় ২ হাজার ১০০ মাইল (৩ হাজার ৩০০ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছেন।
এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটক হওয়ার ১৫ ঘণ্টা পর প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটি অবতরণের পর সেটির দরজায় মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর ইউনিফর্ম পরিহিত কর্মকর্তারা অবস্থান নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উড়োজাহাজ থেকে বের হয়ে আসেন মাদুরো। কারাকাস থেকে আটক করে নিয়ে যাওয়ার ১৫ ঘণ্টা পর তাকে প্রকাশ্যে দেখা যায়।
এর আগে, যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের খবরে বলা হয়েছে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, মাদুরো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস আইও জিম্মায় অবস্থান করছেন।
প্রকাশিত ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো একটি যন্ত্র পরানো রয়েছে। ছবিতে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতেই নিকোলা মাদুরো ও তার স্ত্রীর বিচার হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘অনেক জোরালো প্রমাণ’ রয়েছে। ট্রাম্পের ভাষায়, মাদুরোর কর্মকাণ্ড একদিকে ভয়াবহ, অন্যদিকে এতটাই চাঞ্চল্যকর যে তা হতবাক করে দেয়ার মতো।
সূত্র: আল–জাজিরা, রয়টার্স
ভোরের আকাশ/মো.আ.