মার্কিন কর্মকর্তা সেজে এআই বিশেষজ্ঞদের ই-মেইল চুরি করছে চীনা হ্যাকাররা

সাবেক এক মার্কিন সরকারি কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের এআই বিশেষজ্ঞদের পরিচয় ব্যবহার করে গবেষক ও নীতিনির্ধারণী বিশেষজ্ঞদের ই-মেইল ও পাসওয়ার্ড চুরির চেষ্টা করছে চীনা হ্যাকাররা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রুফপয়েন্ট জানিয়েছে, ‘টিএ৪১৯’ নামে চিহ্নিত হ্যাকারদের একটি গোষ্ঠী ২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্র ও জাপানের বিভিন্ন থিংকট্যাংক, প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আইন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাসওয়ার্ড চুরির চেষ্টা করে আসছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি বলেছে, ব্যবহৃত ম্যালওয়্যারের ধরন, হামলা পরিচালনায় ব্যবহৃত ইন্টারনেট অবকাঠামো এবং লক্ষ্যবস্তু বিশ্লেষণ করে তারা এই হ্যাকারদের চীনা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। এসব লক্ষ্যবস্তু চীনের গোয়েন্দা তথ্য সংগ্রহের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানিয়েছে প্রুফপয়েন্ট।
প্রতিষ্ঠানটির মতে, হ্যাকারদের সাম্প্রতিক অভিযানে এআই ও রাষ্ট্রীয় নীতিবিষয়ক বিশেষজ্ঞদের পরিচয়ে ই-মেইল পাঠানো হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন লিন পার্কার, যিনি এর আগে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি কার্যালয়ের প্রধান উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন।
প্রুফপয়েন্ট জানায়, সাধারণত এসব ই-মেইলে এআই-সংক্রান্ত সহযোগিতা বা কোনো নতুন উদ্যোগে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে লক্ষ্যবস্তু ব্যক্তিকে পাসওয়ার্ড চুরির উদ্দেশ্যে তৈরি ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বেইজিং দীর্ঘদিন ধরে সাইবার গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রুফপয়েন্ট হামলার লক্ষ্যবস্তুদের নাম প্রকাশ করেনি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের মধ্যে এআই নিয়ন্ত্রণ, প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এবং জাতীয় এআই কৌশল নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা রয়েছেন।
রয়টার্স স্বাধীনভাবে এমন একজনকে শনাক্ত করেছে। তিনি অ্যালেক্স এংলার, সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা এবং বর্তমানে পেন সেন্টার অন মিডিয়া, টেকনোলজি অ্যান্ড ডেমোক্রেসির প্রধান।
এংলার বুধবার রয়টার্সকে বলেন, লিন পার্কারের কাছ থেকে এসেছে বলে মনে হওয়া একটি ই-মেইল তিনি পেয়েছিলেন। এতে তাকে ‘নতুন একটি এআই নীতি প্রকল্পে’ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ই-মেইলটি তার কাছে সামান্য অস্বাভাবিক মনে হয়। পরে এআই খাতের অন্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি বুঝতে পারেন, এটি একজন প্রতারকের পাঠানো বার্তা।
কেন তাকে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে কোনো অনুমান করতে চাননি এংলার। তবে প্রুফপয়েন্ট বলেছে, তাদের বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করা ১০ জনেরও কম ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ থেকে প্রতিষ্ঠানটির ধারণা, উদ্দেশ্য শুধু প্রযুক্তি চুরি নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহও হতে পারে।
পার্কার রয়টার্সকে বলেন, জুলাইয়ের শুরুতে তার পরিচয়ে সন্দেহজনক বার্তা পেয়েছেন; এমন অন্তত দুজনের কথা তিনি জানেন। চীনা সম্পৃক্ততার অভিযোগটি তার কাছে যুক্তিসংগত বলেও মন্তব্য করেন তিনি।
পার্কার বলেন, এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। এআই নীতি নিয়ে কাজ করা ব্যক্তিদের কাছ থেকে তাদের নীতিগত পরিকল্পনার তথ্য জানার চেষ্টা করা হয়ে থাকলে, সেটি বিস্ময়কর নয়।
সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/এনএস