দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় যুবক নিহত

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা-ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম বারুর গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে নিশাত (২২) ও লিমনের (৪০) বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দা ও ছুরি দিয়ে শফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে।
ভোরের আকাশ/আ.র