ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানে নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ত্রাণ সংস্থা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চালানো ধারাবাহিক বিমান হামলায় এ পর্যন্ত ৭৮৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। চিকিৎসা সহায়তা, জরুরি খাদ্য ও আশ্রয় সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রদেশে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম কাজ করছে।
এদিকে হামলার ঘটনায় দেশটির বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
সূত্র: এপি