শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আইনি কাঠামো ও আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না—এমন কারিগরি প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট বা ভ্রমণের অনুমতির প্রয়োজন হয়, তবে পুরো প্রক্রিয়াটি আইনগত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
অপরদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার পক্ষ থেকে আবেদন করার বিষয়ে তিনি কিছু না বলে সাংবাদিকদের ঢাকা কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তাকে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে করা আবেদন নিয়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বারবারই তাদের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে জানান, এটি পুরোটাই আইনি কাঠামোর অধীন।
সংবাদ সম্মেলনে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, এ বিষয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) নির্ধারিত প্ল্যাটফর্মেই আলোচনা করা হয়ে থাকে এবং আপাতত নতুন কোনো তথ্য নেই। একই সঙ্গে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সূচি নিয়েও এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে উল্লেখ করেন তিনি।
ভোরের আকাশ/আ.র