শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালন করেছেন হাজারো শিক্ষার্থী ও শ্রমিক। মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধির দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের ধারাবাহিকতায় ইতালিতে এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদে একই দিনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কর্মসূচি রয়েছে। ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার পৃথকভাবে ধর্মঘটের ডাক দেয়। দেশটির বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের আয়োজন করা হয়।

সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা পরিবর্তনের দাবিতে রাস্তায় নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতায় স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকার কথা।

তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা থেকে শুরু হয়ে শনিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। ২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে মেলোনি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধিতা ও বিক্ষোভ আরও জোরালো হচ্ছে।

এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবির মধ্যে ছিল শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও আন্দোলনের অন্যতম দাবিতে পরিণত হয়েছে। 

২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরা পেরিতোরে বলেন, তাঁদের সরকার ধীরে ধীরে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমাচ্ছে। এতে তরুণদের বর্তমান ও ভবিষ্যৎ দুটিই অনিশ্চিত হয়ে পড়ছে।

তিনি বলেন, বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চান, তাঁরা পিছু হটবেন না। নিজেদের ভবিষ্যৎ ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাবেন।

ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের অভিযোগ, আয় ও জনসেবামূলক খাতের উন্নয়নে এ বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি।

ইতালির অর্থবিষয়ক সংবাদমাধ্যম ইতালিয়াওজির তথ্য অনুযায়ী, বাজেটের সামান্য একটি অংশ ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

সিজিআইএলের ডাকা সাধারণ ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন ইতালির শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, বাজেটের বিষয়বস্তু জানার আগেই শ্রমিকনেতা লানদিনি ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উরসো বলেন, পার্লামেন্টে বাজেট আরও উন্নত করার সুযোগ রয়েছে।

অন্যদিকে, সিজিআইএলের দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের কমে যাওয়া ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে মজুরি বাড়াতে হবে এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। পাশাপাশি পেনশনের পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে পুরোপুরি সমন্বয় এবং অবসরের বয়স বাড়ানো ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: