লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইরান

লেবাননে ইসরায়েলের বিমান ও গোলাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ‘অবিচ্ছেদ্য অধিকার’ পুনর্ব্যক্ত করেছে তেহরান।
বুধবার (২৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লেবাননের স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় দেশটির ওপর ইসরায়েলের হামলা জোরদার করা হয়েছে। এটি জাতিসংঘ সনদ এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড দেশটির স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের ঘটনা আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে এরপরও দুই দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ও হামলার ঘটনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/এম