ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে তথ্য

২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে রাশিয়া। দেশটির সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বিবিসি। বুধবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে ফাঁস হওয়া রুশ পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান রাশিয়ার মৃত্যুহারের ধরন আমূল বদলে দিয়েছে। নিহত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে যুদ্ধকে মাত্র কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে ধারণা করেছিলেন, তা এখন প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এতে প্রাণহানির বড় মূল্য দিতে হয়েছে রাশিয়াকে।
বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস বাই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’-এর সাইবার হামলার পর ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথিতে প্রবেশাধিকার পেয়েছে বিবিসি রুশ বিভাগ।
রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার একমাত্র কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, ‘আমি অন্য কোনো তথ্য বিবেচনায় না নেয়ার পরামর্শ দেব।’ তবে কয়েক বছর ধরে যুদ্ধক্ষেত্রে হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি রুশ বিভাগ স্বাধীন রুশ সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’র সঙ্গে মিলে রসস্ট্যাটের তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে তৈরি নিশ্চিত নিহত সেনাদের তালিকা মিলিয়ে দেখেছে। এতে প্রায় ৯০ শতাংশ নথির সঙ্গে মিল পাওয়া গেছে।
সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য থেকে বিবিসির তৈরি তালিকায় ২ লাখ ৯০ হাজার ১২ জন সেনার মৃত্যুর তথ্য রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকায় প্রকৃত নিহতের ৪৫ থেকে ৫৫ শতাংশের তথ্য থাকতে পারে। সে হিসাবে রাশিয়ার প্রকৃত সামরিক মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১-এর মধ্যে হতে পারে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় যুদ্ধে নিহত ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬৫ শতাংশই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের তুলনায় হৃদ্রোগ ও রক্তনালির রোগে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে গিয়ে রাশিয়ার বিপুল প্রাণহানির তথ্যও উঠে এসেছে। যুদ্ধ শুরুর আগে সম্মিলিতভাবে ১২ হাজার মানুষের বসবাস ছিল- এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম আন্দ্রিয়িভকা দখলের লড়াইয়ে নিহত হয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটিতে মাত্র ৭৪ জন মানুষ বসবাস করতেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে সামরিক ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি রাশিয়া। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করে দেয়। এসব তথ্য ব্যবহার করে সামরিক প্রাণহানির পরিমাণ অনুমান করা হতো।
উদাহরণ হিসেবে, পূর্ব ইউক্রেনের রুশ-অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব সেনা রুশ বাহিনীর হয়ে লড়েছেন, তাদের মৃত্যুর যে তথ্য বিবিসি শনাক্ত করেছে, তার মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের নথিতে পাওয়া গেছে। সামগ্রিকভাবে রসস্ট্যাটের তথ্য বিবিসি রুশ বিভাগের নিজস্ব হিসাবের সঙ্গে মিলে গেছে এবং প্রাণহানির প্রবণতাগুলোও নিশ্চিত করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে দেশটির প্রায় ৫০ হাজার সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তবে ‘ইউএ লসেস’ নামের একটি বেনামি ওয়েবসাইটের উন্মুক্ত সূত্রভিত্তিক তালিকায় ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২ জন বলে উল্লেখ করা হয়েছে।
প্রায় পাঁচ লাখের হিসাব যেভাবে
রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যভান্ডারে নিহতদের নাম নেই। তবে তাদের বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতি উল্লেখ রয়েছে। প্রথমে বিবিসি ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোর মৃত্যুর নথি আলাদা করে। এরপর বিস্ফোরণ কিংবা সামরিক অভিযানের সময় গোলার আঘাতে মৃত্যুর মতো যুদ্ধসংশ্লিষ্ট কারণ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে- এমন ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি নথি শনাক্ত করা হয়।
তবে এ তালিকায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্যও থাকতে পারে। তাই নারীদের পাশাপাশি ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরে থাকা পুরুষদের বাদ দেয়া হয়। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে কেউ বসবাস ও মৃত্যুবরণ করলে তাকেও সম্ভাব্য বেসামরিক নাগরিক হিসেবে তালিকা থেকে বাদ দেয়া হয়। তবে তার নথিতে সামরিক বাহিনীতে কাজ করার তথ্য থাকলে তাকে রাখা হয়।
এছাড়া পেশাগত পরিচয় বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি মৃত্যুর তথ্য শনাক্ত করা হয়। পাশাপাশি ৫১ হাজার ৬৭টি মৃত্যুর তথ্য আদালতের রায়ের ভিত্তিতে নথিভুক্ত ছিল। সাধারণত যুদ্ধক্ষেত্রে কোনো সেনা ছয় মাসের বেশি নিখোঁজ থাকলে এবং তার মরদেহ উদ্ধার করা না গেলে আদালতের রায়ে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ক্ষেত্রেও বেসামরিক নাগরিকদের বাদ দিতে শুধু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধক্ষেত্রের মৃত্যুর তথ্য গণনায় রাখা হয়েছে। বিবিসি রুশ বিভাগের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে কারাগার থেকে নিয়োগ পাওয়া বন্দি এবং চুক্তিভিত্তিক সেনারা বাহিনীতে যোগ দেয়ার পর সেই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। বিবিসির নিজস্ব তালিকায় এ গড় বয়স ৩৮ বছর।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর কয়েকটি থেকে যুদ্ধে নিহতের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি। বেশির ভাগ অঞ্চলে রসস্ট্যাটের তথ্যের ভিত্তিতে পাওয়া মৃত্যুর বণ্টন এবং বিবিসির নিজস্ব তালিকার মধ্যে পার্থক্য মাত্র কয়েক দশমিক শতাংশ।
রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশির মৃত্যুর তথ্যও পেয়েছে বিবিসি। তাদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক। বেসামরিক নাগরিকদের অন্তর্ভুক্ত হওয়ার ঝুঁকি এড়াতে এ হিসাব থেকে ইউক্রেনীয়দের বাদ রাখা হয়েছে।
তবে এটিকে সতর্কতামূলক বা ন্যূনতম হিসাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, দ্বৈত নাগরিকত্বধারীদের নথিতে রুশ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের কোনো তথ্যও এই তথ্যভান্ডারে নেই।
স্যাটেলাইট চিত্র এবং পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে সেখানে নিহত ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে বিবিসি। ফাঁস হওয়া রুশ পরিসংখ্যান পুরোপুরি নির্ভুল বা সম্পূর্ণ না-ও হতে পারে। তবে বিবিসি রুশ বিভাগের নিজস্ব গবেষণার সঙ্গে মিলিয়ে দেখলে এসব তথ্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংবাদমাধ্যমটি।
চার বছর ১০ মাস ধরে চলা এই যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রাণহানির সংখ্যা অনেক বেশি। ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। আফগানিস্তানে ১০ বছর ধরে চলা ওই যুদ্ধে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন। আর বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন আনুমানিক ১০ লাখ।
ভোরের আকাশ/এনএস