দক্ষিণ কোরিয়ায় অ্যারোস্পেস কারখানায় বিস্ফোরণ, ৫ জন নিহত

দক্ষিণ কোরিয়ার দেজিওনে অবস্থিত হানওয়া অ্যারোস্পেস কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোম্পানিটির কর্মকর্তারা জানান, রকেট প্রপেল্যান্ট উৎপাদন লাইনে এই বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে একজন গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছেন। বাকি একজন নিজেই কারখানা থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর আগুন লাগে, তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, নিহতদের মরদেহ এতটাই ক্ষতিগ্রস্ত যে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
কোম্পানিটি জানায়, বিস্ফোরণের সময় সরঞ্জাম থেকে বিস্ফোরক পদার্থ পরিষ্কারের কাজ চলছিল, সেখান থেকেই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হানওয়া অ্যারোস্পেসের সিইও সন জে-ইল নিহতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা গভীরভাবে দুঃখিত এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করব।
ঘটনার পর কোম্পানির শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়ে, হানওয়া অ্যারোস্পেস ও এর হোল্ডিং কোম্পানির শেয়ার দর কমে যায়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ঘটনার তদন্ত এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
ভোরের আকাশ/এনউব