শান্তিচুক্তি রোববার হচ্ছে না: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিটি রোববার স্বাক্ষরিত হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষর না হলেও আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো সময় চুক্তি সম্পন্ন হতে পারে—এমন সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তৈরি হওয়া এই দলিলটিকে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই চুক্তির মূল বিষয়বস্তু স্পষ্ট করে ইসমাইল বাঘেই বলেন, বর্তমানে যে খসড়াটি এগিয়ে নেওয়া হচ্ছে, তার মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধের অবসান ঘটানো। এ পর্যায়ে পারমাণবিক সমস্যা নিয়ে কোনো ধরনের আলোচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ার সঠিক সময়টি জানতে সবাইকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, যদিও এটি পরিষ্কার যে, চুক্তিটি সই হচ্ছে না, তবে আগামী দিনগুলোতে এই চুক্তি সম্পন্ন হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে।
তবে ওয়াশিংটনের সিদ্ধান্ত পরিবর্তনের অভ্যাসের দিকে ইঙ্গিত করে তিনি সতর্কবার্তা দেন। বাঘেই বলেন, অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে এই পুরো প্রক্রিয়াটি নিয়ে যেকোনো মন্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক ও সাবধান থাকতে হবে।
ভোরের আকাশ/এম