রুশদের সহযোগিতার অভিযোগে লিথুয়ানিয়ায় আটক ৫

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে গোপনে সহযোগিতা এবং অর্থের বিনিময়ে লিথুয়ানিয়ার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (২৫ নভেম্বর) লিথুয়ানিয়ার সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
দেশটির প্রধান কৌঁসুলির কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শরৎকাল থেকে লিথুয়ানিয়ার একদল নাগরিক রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন ও রেডিও সম্প্রচার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন, এমন প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্ত শুরু হয়।
তদন্তকারীদের অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিরা রুশ সম্প্রচার সংস্থাটির দেওয়া বিভিন্ন দায়িত্ব পালন করতেন। এর মধ্যে তথ্য সংগ্রহ ও তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানোর কাজও ছিল।
প্রধান কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে জানায়, পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিরা লিথুয়ানিয়ার ভেতরে এমন তথ্য তৈরি ও প্রচার করেছেন বলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে, যা রাশিয়ার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এছাড়া তাদের বিরুদ্ধে রুশ প্রচারণার বিভিন্ন বক্তব্য পুনরাবৃত্তি করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিরা অর্থ গ্রহণ করেছেন।
ভোরের আকাশ/এম