বৈধ কাগছ ছাড়া ভারতে থাকা মার্কিন নাগরীক নেপাল সীমান্তে আটক

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার ভারত-নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে নেপালে প্রবেশের সময় এক মার্কিন নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)। আটক ব্যক্তির নাম জর্ডান ব্রাউন। তার বিরুদ্ধে পাসপোর্ট, ভিসা বা ভারতে অবস্থানের কোনো বৈধ নথি ছাড়াই টানা প্রায় ৯ মাস দেশটিতে থাকার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার মহারাজগঞ্জ জেলার সীমান্তবর্তী মাইনিওয়া এলাকায় ৫১৬ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে এসএসবির ২২তম ব্যাটালিয়নের সদস্যরা ব্রাউনকে আটক করেন। এলাকাটি মহারাজগঞ্জের সনৌলি থানার আওতাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৬ বছর বয়সী ব্রাউন দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি আরও দাবি করেন, একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে আটকের পর তার কাছে কোনো পাসপোর্ট, ভিসা বা ভারতে অবস্থানের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তল্লাশিতে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার ৪৬০ রুপি উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ব্রাউন জানান, ২০২৫ সালে পর্যটন ভিসায় থাইল্যান্ডে যাওয়ার পর সেখানে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি সাগরপথে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় যান এবং গত বছরের ২ নভেম্বর শ্রীলঙ্কা থেকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় পৌঁছান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন বলে জানান। সম্প্রতি গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে আসেন ব্রাউন। পুলিশের ধারণা, কোনো বৈধ নথি ছাড়াই সীমান্ত পাড়ি দিয়ে নেপালে প্রবেশের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন।
মহারাজগঞ্জের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) সিদ্ধার্থ বলেন, “তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ২ নভেম্বর তিনি গোয়ায় এসেছিলেন। সেই হিসাবে প্রায় ৯ মাস ধরে তিনি কোনো বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থান করছেন।”
পুলিশ জানিয়েছে, ভারতে এত দীর্ঘ সময় বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের কারণ সম্পর্কে ব্রাউন এখনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের সময় তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত পাহারা দেয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নেপাল ও ভুটান সীমান্তের দায়িত্বে রয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি), আর চীন ও লাদাখ সীমান্ত পাহারা দেয় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি)। সূত্র : এনডিটিভি
ভোরের আকাশ/সু.পা