যুদ্ধ থামবে কখন তা নির্ধারণ করবে ইরান : বাঘাই

যুদ্ধ কিংবা শান্তি কখন কোন পথে এগোবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নয়, ইরানই নেবে বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন, ততদিন আত্মরক্ষামূলক পদক্ষেপ চালিয়ে যাবে তেহরান। সোমবার (২৭ জুলাই) তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ইসমাইল বাঘায়ি। এ সময় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র কীভাবে যুদ্ধ পরিচালনা করছে, সে বিষয়ে মন্তব্য করতে চান না। তবে তার দাবি, যে যুদ্ধের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার পরিকল্পনা করা হয়েছিল, পাঁচ মাস পরও সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র নিজেই সংকটে পড়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলকে সঙ্গে নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা থেকে বেরিয়ে আসতেও ওয়াশিংটন হিমশিম খাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, তেহরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। এ ধরনের সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপের ভিত্তিতে নয়, বরং রাষ্ট্রের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়।
তিনি বলেন, “যুদ্ধ বা শান্তির সময় কখন হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা যুক্তরাষ্ট্রকে দেব না। জাতীয় স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন, ততদিন আত্মরক্ষা অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত, যুদ্ধবিরতি এবং পরবর্তী পাল্টাপাল্টি হামলা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। তবে এসব ঘটনার বর্ণনা ও দায়-দায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
ভোরের আকাশ/সু.পা