হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্লাটুন কমান্ডার নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) গভীর রাতে হিজবুল্লাহর এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ডেভিড হাজুত। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন প্লাটুন কমান্ডার ছিলেন।
আইডিএফের দাবি, শনিবার রাত প্রায় ২টার দিকে তাদের একটি সেনাদল দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ান গ্রামের একটি এলাকায় প্রবেশ করলে হিজবুল্লাহর এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ক্যাপ্টেন হাজুত নিহত হন এবং আরও এক সেনা সদস্য সামান্য আহত হন।
আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। হামলার পর হামলাকারীকে খুঁজে বের করতে ওই এলাকায় অভিযান এবং বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/সু.পা