হুতিদের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। ইরান সমর্থিত গোষ্ঠীকে ইয়েমেনের ক্ষমতা থেকে সরানো পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজানের এই বিবৃতি প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ)। সীমান্তে নিয়োজিত সেনাদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি কোরআনের বিভিন্ন আয়াত, আল্লাহর পথে আত্মত্যাগ এবং মহানবী হযরত মুহাম্মদের (সাঃ) বাণী উল্লেখ করেছেন।
সৌদি আরব ও হুতিদের মধ্যকার সহিংসতা গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে। এর মধ্যেই গ্র্যান্ড মুফতি এমন আহ্বান জানালেন। হুতিরা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবে হামলা চালিয়েছে। জবাবে বিমান হামলা চালিয়েছে রিয়াদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত গ্র্যান্ড মুফতির বিবৃতিতে বলা হয়েছে, ‘কেউ যদি ভূখণ্ডের এক ইঞ্চিতেও হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে দেশকে রক্ষার জন্য কাউকে শাস্তি দেওয়াটা সবচেয়ে বড় দায়িত্ব। এটি পুণ্যময় ইবাদতগুলোর মধ্যে অন্যতম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ কাজে জীবন উৎসর্গ করা যেতে পারে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়েমেনে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করাটাও জরুরি দায়িত্বগুলোর মধ্যে পড়ে।
দুই সপ্তাহ আগে হুতিদের কাছে ইয়েমেনের সরকারি বাহিনী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হারায়। যা সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা।
ভোরের আকাশ/ ইউএম