হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ড: ১৮ সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

২০২১ সালে সংঘটিত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজ হত্যাকাণ্ড মামলার বিচার প্রক্রিয়ায় এক বড় অগ্রগতিতে ১৮ জন সন্দেহভাজনকে হাইতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন যে একটি সামরিক বিমানে করে এই আসামিদের দক্ষিণ ফ্লোরিডায় নিয়ে আসা হয়েছে, যেখানে তারা ফেডারেল আদালতের মুখোমুখি হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, মোইজ হত্যার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটিতে মামলা চলছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেসন এ রেডিং কুইনোনেস।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুইনোনেস বলেন, মোইজ হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। যারা হত্যাকাণ্ডে অর্থ দিয়েছে, সহায়তা করেছে কিংবা অপরাধ সংঘটনে যুক্ত ছিল, প্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রে নেওয়া ১৮ সন্দেহভাজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হাইতিতে বিচারের অপেক্ষায় থাকা অভিযুক্তদের মধ্যে এক ডজনের বেশি কলম্বিয়ান সাবেক সেনাসদস্য এবং হাইতির সাবেক এক সরকারি কর্মকর্তা রয়েছেন।
মামলাটিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আদালতে কয়েকজনের বিরুদ্ধে রায় হয়েছে। গত মে মাসে ফ্লোরিডার একটি জুরি মোইজ হত্যার ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করে। আরও অন্তত ৫ জন দোষ স্বীকার করেছেন এবং তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হাইতিতে গ্যাং সহিংসতায় অন্তত ৮ হাজার ১০০ জন নিহত হন। সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।
হাইতির মানবাধিকারকর্মী পিয়েরে এসপারাঁ ১৮ সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে দেশটির বিচারব্যবস্থার জন্য ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ মামলা হাইতির নিজস্ব আদালতেই পরিচালনার সক্ষমতা তৈরির আহ্বান জানিয়েছেন।
ভোরের আকাশ/আ.র