ইসরায়েলের জন্য আকাশসীমাসহ সব বাণিজ্য বন্ধ করল তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার চলমান যুদ্ধের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।
শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে।
তুরস্ক গত বছরের মে মাসেই ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বাণিজ্য বন্ধ করে দেয় এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায়। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।
গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারা বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একে গণহত্যা আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।
ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দিচ্ছি না। তাদের বিমানকেও আমাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছি না।
ভোরের আকাশ/মো.আ.