প্রতিরক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারত-আমিরাতের চুক্তি

ভারত ও সংযুক্ত আরব আমিরাত শুক্রবার প্রতিরক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি সই করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বহুদেশীয় সফর শুরু করে প্রথমে আবুধাবিতে পৌঁছান।
আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে মোদিকে স্বাগত জানান এবং দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ওয়াম।
দুই নেতা ভারত-আমিরাতের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত অংশীদারত্ব এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আওতায় সহযোগিতা পর্যালোচনা করেন।
তারা অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, মহাকাশ, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।
এছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা, সমুদ্রপথে নৌ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
বৈঠকে মোদি আমিরাতে বেসামরিক নাগরিক, স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ইরানের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানান।
বৈঠক শেষে মোদি বলেন, জ্বালানি ও প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি হয়েছে, যা ভারত-আমিরাতের কৌশলগত অংশীদারত্বে ‘নতুন গতি’ আনবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মোদি জানান, আমিরাত ভারতে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও অন্যান্য বৈশ্বিক ইস্যুতেও তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন।
ভোরের আকাশ/ইউএম