হজ মৌসুমে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে মক্কায় বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে।
সংবাদমাধ্যম নিউ আরব বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, হজ শেষ না হওয়া পর্যন্ত যেন তারা যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকে। এ বছর হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের দিন অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আরব দেশগুলো ইরানে এ মুহূর্তে কোনো হামলা না চালানোর আহ্বান জানিয়ে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেয়।
আল-আরাবিয়া জানিয়েছে, এ বিষয়ে আরব দেশগুলো অভিন্ন অবস্থান নিয়েছে। বিশেষ করে হজের সময়কে বিবেচনায় রেখে তারা যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আরব দেশগুলোর আশঙ্কা, হজ চলাকালে কোনো হামলা হলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনে আসা লাখো মুসল্লি এতে দুর্ভোগে পড়তে পারেন এবং অনেকেই আটকা পড়ে যেতে পারেন। এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে সময় পবিত্র রমজান মাস চলছিল।সূত্র: দ্য নিউ আরব
ভোরের আকাশ/সু.পা