ইরানের ইউরেনিয়াম ইস্যুতে শি–পুতিন কৌশলগত আলোচনা

বেইজিংয়ে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে পুতিন ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব শি জিনপিংয়ের সঙ্গে শেয়ার করেন। বৃহস্পতিবার (২১ মে) ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০ মে দুই দিনের সরকারি সফরে চীন যান পুতিন। সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের ইউরেনিয়াম ইস্যু নিয়েও আলোচনা হয়। পেসকভ জানান, “দ্বিপাক্ষিক চা-বৈঠকের সময় এই বিষয়ে আলাপ হয়েছে এবং প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তাব চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন।” তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। বিশ্লেষকদের মতে, এটি ৯০ শতাংশে উন্নীত হলে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহারযোগ্য হতে পারে।
এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। অভিযোগ রয়েছে, এসব স্থাপনায় একাধিক সামরিক অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুত পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি।
এরই মধ্যে যুদ্ধবিরতির পর ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন ভ্লাদিমির পুতিন। ইরান নাকি তাতে সম্মতিও দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করছে। সেই প্রেক্ষাপটেই বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে ইরানের ইউরেনিয়াম ইস্যু নিয়ে আলোচনা করেন পুতিন। সূত্র : এএফপি
ভোরের আকাশ/সু.পা