জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত : আইআরজিসি

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর অংশ হিসেবে জর্ডানে অবস্থানরত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, হামলায় ঘাঁটিতে থাকা কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানে মোতায়েন মার্কিন সামরিক বিমানগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হামলায় কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া আরও কয়েকটি বিমানের গুরুতর ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে জর্ডান সরকার বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এর আগে জর্ডান জানিয়েছিল, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামলায় দেশটির আরও কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আহভাজ, কেশম, বুশেহর, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস শহরসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই-খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে এএফপি।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দরও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে ওই অঞ্চলের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/সু.পা