২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৮১ অভিযান চালানোর দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

ইয়েমেনজুড়ে হুথি অবস্থান ও যোদ্ধাদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৮১টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সরকারপন্থি সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল নুজাইলিকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, এসব অভিযানে বেশ কয়েকজন হুথি যোদ্ধা ও মাঠপর্যায়ের কমান্ডার ‘নিষ্ক্রিয়’ হয়েছে। একই সঙ্গে সামরিক সরঞ্জাম, যানবাহন এবং অন্যান্য ‘হুমকির উৎস’ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আল নুজাইলির ভাষ্য, বেসামরিক অবকাঠামোর ওপর হুথিদের ধারাবাহিক হামলার জবাবে বৃহত্তর ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে দেশটিতে অবরোধ আরোপ এবং তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেন। এর ফলে এডেনভিত্তিক সরকারের রাজস্ব কমে যাচ্ছে এবং সরকারি কর্মীদের বেতন পরিশোধে সমস্যা তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনি সেনাবাহিনীর এই মুখপাত্র সাম্প্রতিক সময়ে বাব আল মান্দাব প্রণালির আল মোখা বন্দর ও আল-আর্দি জেটিতে হুথিদের হামলার কথা উল্লেখ করেন। পাশাপাশি মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের আবাসিক এলাকা ও শিবিরে খাদ্য সরবরাহকারী জাহাজে হামলার অভিযোগও করেন তিনি।
আল নুজাইলি জানান, ২০২৬ সালের শুরু থেকে হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ, সালিফ ও রাস ইসা বন্দরে বাণিজ্যিক জাহাজ প্রবেশের জন্য সরকার ৩৫০টির বেশি অনুমতি দিয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী অভিযান অব্যাহত রাখবে। সাম্প্রতিক অভিযানগুলো একাধিক ফ্রন্টে একই সময়ে সমন্বিত হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারপন্থী বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত চলছে। ২০১৪ সালে হুথিরা দেশটির রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনএস