সৌরবিদ্যুতের বিপ্লবেও কাটছে না পাকিস্তানের বিদ্যুৎ সংকট

জ্বালানি ব্যয় ও বিদ্যুতের উচ্চমূল্যের কারণে পাকিস্তানে দ্রুত বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার। গত দুই বছরে দেশটিতে সৌরবিদ্যুৎ উৎপাদন তিন গুণের বেশি বেড়েছে।
তবে এর পরও বিদ্যুৎ সংকট কাটছে না। বরং উৎপাদন সক্ষমতা, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের আর্থিক দায়ের মধ্যে অসংগতি দেশটির বিদ্যুৎ ব্যবস্থার দুর্বলতা আরো স্পষ্ট করে তুলেছে।
গত ৫ অক্টোবর পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় দেশটিতে বিদ্যুতের ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। এতে বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়ে যায়। লাহোরসহ পাঞ্জাবের কয়েকটি এলাকায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া যায়।
জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা এমবারের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে পাকিস্তানে বিদ্যুতের চাহিদা ২১ শতাংশ বা ৩৩ টেরাওয়াট ঘণ্টা বেড়েছে।
একই সময়ে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদন ১৫ টেরাওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৫১ টেরাওয়াট ঘণ্টায় পৌঁছেছে। অর্থাৎ চাহিদা বৃদ্ধির পুরোটা মিটিয়েছে সৌরবিদ্যুৎ। এ সময়ে প্রচলিত গ্রিড থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩ শতাংশ।
বাড়ছে অর্থ সংকট: গত দুই বছরে পাকিস্তানে ২৭ গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়েছে। উচ্চ বিদ্যুৎমূল্য, ঘন ঘন লোডশেডিং, মুদ্রার অবমূল্যায়ন এবং সোলার প্যানেলের দাম কমে যাওয়ায় এ খাতে বিনিয়োগ বেড়েছে। কৃষকেরা সেচে সৌরচালিত পাম্প ব্যবহার করছেন। শিল্পকারখানা ও পরিবারগুলোও বিদ্যুৎ বিল কমাতে ছাদে সৌর প্যানেল বসাচ্ছে।
তবে সৌরবিদ্যুতের প্রসার নতুন আর্থিক সংকট তৈরি করছে। গ্রাহকেরা গ্রিড থেকে বিদ্যুৎ কেনা কমালেও প্রচলিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে সরকারের দীর্ঘমেয়াদি চুক্তির কারণে সক্ষমতা বাবদ অর্থ পরিশোধ করতে হচ্ছে। ফলে গ্রিডের ওপর নির্ভরশীল কমসংখ্যক গ্রাহকের ওপর বিদ্যুৎ ব্যবস্থার ব্যয় বেশি করে পড়ছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ২ দশমিক ৪ ট্রিলিয়ন পাকিস্তানি রুপির (৮৬০ কোটি ডলার) বৃত্তাকার ঋণ। ২০২৪ সালের জুনে দেশটির বিদ্যুৎ খাতে এ ঋণের পরিমাণ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি।
বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর দুর্বলতাও সংকটের অন্যতম কারণ। ২০২৫ সালের বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় গ্রিডের সাবস্টেশনগুলোর সক্ষমতা অনেক কম। ফলে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকলেও সব এলাকায় নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হচ্ছে না।
জ্বালানি নির্ভরতা কমছে: তবে সৌরবিদ্যুৎ আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমিয়েছে। গবেষণা সংস্থা সিআরইএর হিসাবে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সৌরবিদ্যুতের কারণে পাকিস্তানের তেল ও গ্যাস আমদানিতে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি সাশ্রয় হয়েছে।
বিশ্বব্যাংক ২০২৬ সালের জুলাইয়ে পাকিস্তানের গ্রিড উন্নয়নে ৩৭ কোটি ৫৯ লাখ ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর লক্ষ্য সাবস্টেশন আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সক্ষমতা বাড়ানো।
পাকিস্তানের অভিজ্ঞতা বলছে, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই সংকটের সমাধান সম্ভব নয়। সাশ্রয়ী জ্বালানি, আধুনিক সঞ্চালনব্যবস্থা এবং আর্থিক সংস্কারের সমন্বয় ছাড়া সৌরবিদ্যুতের বিপ্লবও সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারবে না।
ভোরের আকাশ/এম